নাটোরের গুরুদাসপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন রুশ নাগরিকও রয়েছেন। আহতদের মধ্যে চারজন রুশ নারী নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ট্রাক হেলপার ইমনের (২২) বাড়ি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছিল।
এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা হয়।
আহতদের দেখতে রাতেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























