শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ১২০ ফুট দীর্ঘ একটি স্টিল সেতু ভেসে গেছে। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ওই সেতু দিয়ে পারাপার হওয়ার সময় দুই শিশুসহ চারজন ব্যক্তি সাঁতরে নিরাপদে তীরে উঠে নিজেদের জীবন রক্ষা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘালয় পাহাড়ে ভারী বর্ষণের ফলে সোমবার সকাল থেকেই চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের তীব্র স্রোত নেমে আসে। বিপৎসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত এই পানি বিভিন্ন স্থানের বাঁধ উপচে এবং কোথাও কোথাও বাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত করে। সোমবার দুপুরে দক্ষিণ সন্নাসীভিটা নয়াপাড়া এলাকার সেতুর তলদেশ ছুঁয়ে যায় ঢলের তীব্র স্রোত। একপর্যায়ে পানির তোড়ে চোখের সামনে বিকট শব্দে ব্রিজটি মাঝখান থেকে বেঁকে গিয়ে পানিতে তলিয়ে যায়।
সেতু ভেসে যাওয়ার সময় এর ওপর দিয়ে যাতায়াতকারী শিশুসহ চার ব্যক্তি পানির তীব্র স্রোতে ভাসতে ভাসতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এটি একই স্থানে সেতু ভেসে যাওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগেও একই স্থানে নির্মিত আরেকটি স্টিলের ব্রিজ ঢলের পানির তোড়ে ভেসে গিয়েছিল। পরে ২০২০ সালে পুনরায় এই ব্রিজটি নির্মাণ করা হয়, যা এবারও ঢলের শিকার হলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে লোক পাঠানো হয়েছিল। ঢলের পানি কমলে সেতুটি পুনরায় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, আপাতত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























