চাঁদপুরের মতলব উত্তরে সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের ঘটনায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার বিকেলে চাঁদপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অরুণ ভূঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে শিশুটি তার আপন ভাইয়ের সাথে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে গিয়েছিল। এ সময় অরুণ ভূঁইয়া শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক বলাৎকার করেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি তার দাদিকে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা ১৪ জুলাই মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। একই বছরের ২০ অক্টোবর তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা জানান, মামলা চলাকালীন ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য, আসামির স্বীকারোক্তি এবং নথিপত্র পর্যালোচনার পর বিচারক এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 






















