দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক বৈঠকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই উদ্বেগ জানান।
চলতি মাসে চীনের একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ওয়ারহেডটি নিষ্ক্রিয় ছিল। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। বৈঠকের শুরুতে পেনি ওং চীনের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ, স্বচ্ছতা এবং সামরিক উদ্দেশ্য সম্পর্কে আস্থা তৈরির গুরুত্বের ওপরও জোর দেন।
এর আগে অস্ট্রেলিয়া জানিয়েছিল যে, চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের পর্যাপ্ত আগাম তথ্য দেওয়া হয়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় এক ডজন দ্বীপরাষ্ট্রও এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ ধরনের পরীক্ষা পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে থাকা ওই অঞ্চলের আকাঙ্ক্ষার পরিপন্থী। পর্যবেক্ষকদের ধারণা, রকেটটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী কোনো সমুদ্র এলাকায় পড়েছে।
রিপোর্টারের নাম 

























