স্পেনকে চ্যাম্পিয়ন করে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। গত ৩৯ দিন ধরে চলা ফুটবলের এই ২৪তম আসর কেবল ফুটবলপ্রেমীদের উন্মাদনাতেই ভাসায়নি, বরং ফুটবল ইতিহাসের পাতায় যুক্ত করেছে অসংখ্য নতুন রেকর্ড। রেকর্ড ভাঙা-গড়ার এই আসর যেমন বিশ্বকে নির্মল ফুটবল আনন্দ উপহার দিয়েছে, তেমনি রচনা করেছে অজস্র গল্প আর সোনালী ইতিহাস। টুর্নামেন্টের ফরম্যাট, খেলার বৈচিত্র্য, প্রতিদ্বন্দ্বিতা ও পরিসংখ্যানের দিক থেকে এটি ছিল এক যুগান্তকারী বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ অতীতের সব আসরকে ছাড়িয়ে গেছে। ৩২ দলের পুরনো রেকর্ড ভেঙে এই প্রথম সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে আয়োজিত হয় বিশ্বকাপ। আগের ৬৪ ম্যাচের পরিবর্তে দর্শক এবার ১০৪টি ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। নকআউট পর্বে প্রথমবারের মতো চালু হয়েছে ‘রাউন্ড অব থার্টি টু’। শুধু তাই নয়, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা – ইতিহাসে প্রথমবারের মতো এই তিন দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কৃতিত্ব দেখায়।
২০২৬ বিশ্বকাপে মোট ৩০৮টি গোল হয়েছে ১০৪ ম্যাচে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড় ছিল ২.৯-এর উপরে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে গোল হয়েছিল ১৭২টি। এবারের বিশ্বকাপে দ্রুততম গোলটি হয়েছে মাত্র ৬৫ সেকেন্ডে, যা তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা করেন।
বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি ছয়টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন। এই আর্জেন্টাইন তারকার রেকর্ড গড়ার পর ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ছয়টি বিশ্বকাপে খেলার মাইলফলক স্পর্শ করেছেন। এমন রেকর্ড ইতিহাসে আগে কেউই গড়তে পারেননি। এর আগে জার্মানির লুথার ম্যাথিউস, ইতালির জিয়ানলুই বুফেন, গুইলামো ওচোয়া পাঁচটি বিশ্বকাপ আসরে খেলার দৃষ্টান্ত দেখিয়েছিলেন।
কুরাসাওয়ের ডিক অ্যাডভোকেট ৭৮ বছর ২৭১ দিন বয়সে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচের পাতায় নিজের নাম লেখান। এর আগে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক কোচ ছিলেন চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কোবেক, যিনি ৭৪ বছর ২৯৬ দিন বয়সে চেক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
রিপোর্টারের নাম 
























