চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত দুটি রুটের একটি সিডিএর সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সিডিএ সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।
সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা হওয়ায় এই এলাকার সঙ্গে একটি শান্ত-সংরক্ষিত আবাসিক এলাকার সরাসরি সংযোগ স্থাপন করা হলে তা সিলিমপুর আবাসিকের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। তাই স্থানীয় প্লট মালিকদের পরামর্শে বিকল্প স্থানে সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মঙ্গলবার সকালে সিলিমপুর আবাসিকের প্লট মালিকদের সাথে এক মতবিনিময় সভা করেন এবং সেনাবাহিনীর সাথে সড়কের সাইট পরিদর্শন করেন। তিনি জানান, মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণের সুযোগ নেই। তবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে না করার পক্ষেই মত দেন তিনি।
মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান সিলিমপুর আবাসিক এলাকাকে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্থানীয় অধিবাসীদের খালের পানিতে ময়লা-আবর্জনা না ফেলতে, জলাবদ্ধতা সৃষ্টিকারী কাজ থেকে বিরত থাকতে এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শও দেন তিনি। একই সাথে আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকটের সুরাহার আশ্বাস দিয়ে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে তার কথা হয়েছে এবং ওয়াসা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দিয়েছে।
রিপোর্টারের নাম 























