চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর থেকে পুঁটিবিলা ইউনিয়নের হাসনাভিটা ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কটি এখন অসংখ্য খানাখন্দ ও গর্তে ভরে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ক্ষতবিক্ষত হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটছে।
বিশেষ করে রোগী, শিক্ষার্থী এবং নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দরবেশহাট, হোসাইনাপাড়া, নেওয়াজের টেক, দরবার শরীফ, পুঁটিবিলা হাজির রাস্তা, এমচর হাট বাজার, কেওচিয়া জোড়া, মাস্টারপাড়া টার্নিং, নতুন পাড়ার প্রাইমারি স্কুলের সামনে, গৌড়স্থান লাকীপাড়া, গৌড়স্থান নয়াবাজার, গজালিয়া দিঘিরপাড়, মনিরের টেক ও হাসনা ভিটাসহ সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পিচ উঠে গিয়ে ইট-পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই স্থানগুলোতে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং ভয়ে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে যেতে বাধ্য হচ্ছেন। বড় গর্তগুলোর কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের এমন বেহাল দশা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বালুভর্তি ট্রাক এবং গাছ, বাঁশবোঝাই গাড়ি চলাচল করে। রাস্তার ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের মালামাল পরিবহনের কারণে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু স্থায়ীভাবে সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে এর অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে।
কলেজ শিক্ষার্থী শাহজালাল জানান, সড়কটি সংস্কার না করার কারণে দিন দিন বেহাল হচ্ছে। তার বাড়ি থেকে কলেজে যেতে যেখানে ৩০ মিনিট সময় লাগতো, এখন প্রায় এক ঘণ্টা পেরিয়ে যায়। এছাড়া কখন সড়ক দুর্ঘটনা ঘটে যায়, সেই ভয়ে থাকতে হয়। সিএনজিচালিত অটোরিকশা চালক নাছির বলেন, রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙা থাকায় গাড়ি চালাতে সমস্যা হয়। অনেক সময় গাড়ি গর্তে পড়ে দুর্ঘটনা ঘটলে তার নিজের গাড়ি ও যাত্রীর ক্ষতি হয়। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির জানান, রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা রয়েছে।
রিপোর্টারের নাম 























