বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকার দেশের সংস্কারের কোনো কাজ না করে কেবল লুটপাটে ব্যস্ত ছিল। তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না বলেই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সোমবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদীর সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে নতুন প্রজন্মের কাছে সগৌরবে তুলে ধরতে হবে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধ করে দেশীয় ঐতিহ্য লালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, একটি জাতির উন্নয়নের মাপকাঠি তার উন্নত সংস্কৃতি। তাই প্রশাসন, রাজনীতিবিদ ও সমাজসেবী—সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির বেহাল দশার সমালোচনা করে তিনি দ্রুত এর সংস্কার ও দৃষ্টিনন্দন করার দাবি জানান। জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৮টি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























