গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের কাছে করতোয়া নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ২৯ লাখ টাকা ব্যয়ে ৮ হাজার জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।
গতকাল রোববার দুপুরে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) জুলফিকার আলী নদীতে জিও ব্যাগ ফেলে এই কাজের উদ্বোধন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-সহকারী প্রকৌশলী রুবেল মিয়া, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাপমারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলাল হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু এবং চক রহিমাপুর গ্রামসহ নদীর তীরবর্তী বাঁধ এলাকার আশপাশের কয়েকটি গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী জানান, পানির প্রবল স্রোতে করতোয়া নদীর বাঁধের ভাঙন ঠেকাতে চক রহিমাপুর গ্রামের পয়েন্টে ৫০০টি বালুভরা জিও ব্যাগ ওজন যাচাই করে চিহ্নিত করা হয়েছে। অবশিষ্ট জিও ব্যাগগুলো পর্যায়ক্রমে জরুরিভিত্তিতে বাঁধের ভাঙনস্থলে ফেলা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























