মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, ঢাকামুখী একটি আরাম পরিবহনের বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধারকৃত লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























