সরকার গঠনের পাঁচ মাস পর শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সম্মানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আয়োজিত নৈশভোজে অংশ নিচ্ছে না বিএনপির দীর্ঘদিনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কাছে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হলেও, সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বৈঠকে অংশ নিচ্ছেন না জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। দলটির প্রচার সম্পাদক ইমরানুল বারী সিরাজী জানিয়েছেন, তারা বিএনপির প্রধান শরিক ছিলেন এবং দলটি ক্ষমতায় আসার পর তাদের কোনো খোঁজ-খবর নেওয়া হয়নি। তাই শুধুমাত্র খাওয়ার জন্য সেখানে গিয়ে লাভ কী, এমন প্রশ্ন তুলেছেন তিনি।
দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিএনপির সঙ্গে জমিয়তের সম্পর্ক আগের মতো নেই। নির্বাচনে জোটগত সমঝোতার ভিত্তিতে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেও কোনোটিতেই জয় পায়নি দলটি। এরপর সরকার গঠনের পর শরিক দল হিসেবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মনে করছেন জমিয়তের নেতারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর বিএনপির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। কুশল বিনিময় বা কোনো বৈঠকও হয়নি। জোটের অন্যদের সঙ্গে সম্পর্ক রাখা হলেও ধারাবাহিকভাবে তাদের উপেক্ষা করা হয়েছে, যা রহস্যজনক।
রিপোর্টারের নাম 
























