পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বিরল সামুদ্রিক শোল মাছ ধরা পড়েছে। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত।
সোমবার সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তে নিয়ে আসেন ট্রলারের মাঝি রুহুল আমিন। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।
ট্রলার মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি জালে উঠে আসে। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা আনন্দিত।
মাছটির ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, এত বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ সচরাচর ধরা পড়ে না। তাই তারা মাছটি যৌথভাবে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশে এদের আকার অনেক বড় হতে পারে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে উপকূলের জেলেরা আর্থিকভাবে লাভবান হন।
রিপোর্টারের নাম 






















