চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশনের উত্তর পাশে সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমাম হোসেন (৩৮), তিনি স্থানীয় বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























