মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১০০ নারী চা শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলম মুহিব উল্যা সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারায় চা বাগানের নাট মন্ডপে এই মানবিক সহায়তা প্রদান করেন। এর আগে কুরমা চা বাগানের নাট মণ্ডপেও রেইনকোট বিতরণ করা হয়।
মুহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া, কুরুঞ্জি ও চাম্পারায় চা বাগানের চা পাতা চয়নকারী নারী শ্রমিকদের বৃষ্টি থেকে সুরক্ষা দিতে এই রেইনকোটগুলো বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে বৃষ্টিতে ভিজে চা পাতা সংগ্রহের সময় তারা পর্যাপ্ত ছাতা না থাকায় পলিথিন ব্যবহার করতেন। এই রেইনকোট বিতরণের ফলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে জানিয়েছেন চা শ্রমিকরা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ। এছাড়াও স্থানীয় বিএনপি কর্মী বারাম আলীর সঞ্চালনায় ইসলামপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং ব্যবসায়ী সমাজসেবক মুহিবুল আলম মুহিব উল্যা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ বক্তব্য রাখেন।
নারী চা শ্রমিকরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মোট ১১০০টি রেইনকোটের মধ্যে ৫৩০টি কুরমা বাগানে এবং ৫৭০টি চম্পারায়, বাঘাছড়া ও কুরুঞ্জি চা বাগানের পাতা চয়নকারী মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























