দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার চেনা ভুবনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট তাদের ফেসবুক পেজে সুমাইয়া শিমুর ‘রুকাইয়া’ চরিত্রের লুক প্রকাশ করেছে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।
এর আগে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বের মাধ্যমে ওয়েব কনটেন্টে অভিষেক হয়েছিল শিমুর। তবে এবার তিনি ফিরে আসছেন তার পরিচিত মাধ্যম, টেলিভিশন নাটকে। যদিও নতুন এই ধারাবাহিক নাটকটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘ফিরে আসার গল্প’ও একটি পারিবারিক কাহিনিভিত্তিক নাটক। তার সর্বশেষ ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকপ্রিয়তা পেয়েছিল। তিনি বর্তমানে নতুন ধারাবাহিকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। তখন নাটকটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
সুমাইয়া শিমু ছাড়াও এই ধারাবাহিক নাটকে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, ফাইজুল ইয়ামিনসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট পর্যায়ক্রমে অন্যান্য শিল্পীদের নাম ও তাদের চরিত্র প্রকাশ করবে বলে নির্মাতা রাজ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























