চাঁদপুরের শাহরাস্তিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার চাপায় প্রাণ হারিয়েছে হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার বিকেলে উপজেলার চিতোষী বাজারে বাবার দোকানে বসে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাচালক চাবি অন রাখা অবস্থায় গাড়িটি রেখে বাইরে গিয়েছিলেন। এ সময় অটোরিকশায় থাকা এক শিশু যাত্রী খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে হামিদের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে সেখানে বসে থাকা হাফসা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
আহত হাফসাকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা চালকের অসতর্কতাকে এই মৃত্যুর জন্য দায়ী করছেন।
রিপোর্টারের নাম 

























