আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা চললে উত্তরার সাধারণ মানুষ সবার আগে তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই বিপ্লবে ঢাকা উত্তরের বাসিন্দাদের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই বিপ্লবে উত্তরার ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল উত্তরা। এই এলাকাটি ছিল প্রতিরোধের অপরাজেয় দুর্গ। তিনি স্মরণ করিয়ে দেন যে, ৩৬ জুলাই উত্তরা ও যাত্রাবাড়ী থেকেই গণভবনমুখী ঐতিহাসিক অভিযাত্রা শুরু হয়েছিল, যার মুখে তৎকালীন স্বৈরাচারী শাসক দেশ ছাড়তে বাধ্য হন। উত্তরের মানুষের এই সাহসী ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধাভরে মনে রাখবে বলে তিনি জানান।
নিজের ব্যক্তিগত বিভীষিকার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, ঠিক দুই বছর আগে এই দিনে তাকে গুম করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের আমলে অসংখ্য মানুষ এমন নিষ্ঠুরতার শিকার হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রধান দাবি হলো স্বৈরাচার ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। বিচারহীনতার সংস্কৃতি থাকলে দেশে আবারও স্বৈরতন্ত্রের উত্থান হতে পারে। যারা পালিয়ে গেছেন, সাহস থাকলে তারা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতেন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত হয়ে তাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ ইসলাম এসময় বিএনপির সমালোচনা করে বলেন, দেশের পরিবর্তনের পথে তারা এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বিএনপিকে তাদের ৩১ দফার কথা মনে করিয়ে দিয়ে বলেন, নোট অব ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে জনরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে সংবিধান সংশোধনের আগে বিএনপিকে নিজেদের অভ্যন্তরীণ সংস্কার করার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 



















