কুমিল্লার চৌদ্দগ্রামে একমাত্র ছেলের মৃত্যুর পর তার ভিটেমাটি থেকে শাশুড়িকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। উপজেলার আমানগন্ডা শালুকিয়া গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী বৃদ্ধা ছেনোয়ারা বেগম নিরুপায় হয়ে পুত্রবধূ তানজিনা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে দুবাই প্রবাসী শ্রাবণের মৃত্যুর পর তার রেখে যাওয়া অর্থের একটি অংশ দিয়ে বৃদ্ধা মা ও শিশু সন্তানের নামে এফডিআর করা হয়। তখন শর্ত ছিল, তানজিনা যদি পুনরায় বিয়ে করেন তবে তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কিন্তু সম্প্রতি তানজিনা গোপনে হাসান নামে এক যুবককে বিয়ে করে প্রয়াত স্বামীর বাড়িতেই সংসার শুরু করেন। শুধু তাই নয়, নতুন স্বামী ও তার পরিবারের সদস্যদের সহায়তায় বৃদ্ধা শাশুড়িকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত তানজিনা আক্তার দাবি করেছেন, এই বাড়িটি তার সন্তানের এবং তিনি এখানেই থাকবেন। তবে গ্রামবাসী ও স্বজনরা জানিয়েছেন, তানজিনা গোপনে বিয়ে করে নিয়ম ভঙ্গ করেছেন এবং বৃদ্ধা শাশুড়ির ওপর অমানবিক আচরণ করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হলেও বিবাদী পক্ষ এখনো থানায় উপস্থিত হয়নি। বৃদ্ধা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রিপোর্টারের নাম 

























