চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী। রোববার বিকেলে উপজেলার চিতোষী বাজারে বাবার দোকানে বসে থাকা অবস্থায় একটি নিয়ন্ত্রণহীন অটোরিকশা তাকে চাপা দেয়। নিহত হাফসা আক্তার স্থানীয় চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাচালক তার গাড়ির চাবি চালু অবস্থায় রেখে বাইরে গিয়েছিলেন। এ সময় গাড়িতে থাকা এক যাত্রীর সঙ্গে আসা শিশু খেলার ছলে পিকআপ চেপে ধরলে অটোরিকশাটি সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতর বসে থাকা হাফসা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি ফেলে পালিয়ে যান। মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, চালকের চরম অসতর্কতার কারণেই এমন করুণ দুর্ঘটনা ঘটেছে।
রিপোর্টারের নাম 

























