রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। ২১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত থাকলেও কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন। বর্তমানে এ মামলার ২১ জন আসামির মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন, ৪ জন জামিনে এবং বাকি ৮ জন পলাতক রয়েছেন। গত বছর ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে সোহাগকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও পুনঃতদন্ত শেষে পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























