কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গত জুলাই বিপ্লবের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া এখনো থমকে আছে। ঘটনার এক বছরের বেশি সময় পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও কুবিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামীপন্থী প্রশাসন ও কয়েকজন শিক্ষকের মদতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং একদল অসাধু কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তদন্তের কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত তথ্যপ্রমাণ এবং সাক্ষীর অভাবে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। মাত্র দুজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলেও পরবর্তীতে তারা সাক্ষ্য দিতে উপস্থিত হননি। তবে তদন্ত কার্যক্রম এখনো উন্মুক্ত রয়েছে এবং নতুন কোনো তথ্যপ্রমাণ পেলে তা গ্রহণ করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন।
রিপোর্টারের নাম 

























