টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্য অর্জনে তরুণ সমাজকেই সামনে থেকে নেতৃত্বের হাল ধরতে হবে। রোববার সকালে বরিশালের বিডিএস মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘সচেতন নাগরিক কমিটি’ (সনাক) আয়োজিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তরুণ সংগঠকদের করণীয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্ন ও সাহস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা যদি নিজেরা সু শাসনের চর্চা করে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে, তবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। কর্মশালায় টিআইবি’র প্রতিনিধিরা উল্লেখ করেন, তারুণ্যকে ধারণ করার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়া সম্ভব।
সনাক বরিশালের আয়োজনে এই কর্মশালায় জেলার ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ করানোর পাশাপাশি তরুণদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে দেশের প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
রিপোর্টারের নাম 



















