২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করে রাজধানীতে ‘ইউনিটি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকালে পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এই আন্দোলনে কওমি মাদ্রাসার অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের জোর দাবি জানান। একই সঙ্গে তারা জুলাই মাসে ‘কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালনের জন্য সরকারি স্বীকৃতির আহ্বান জানান। কনফারেন্সে কওমি মাদ্রাসার ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা এবং জাতীয় সংকটে এই ধারার শিক্ষার্থীদের সাহসী অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী ২ আগস্ট ‘কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ পালনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া তিনি কনফারেন্সে উত্থাপিত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন কওমি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 



















