মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের ম্যাচকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
শ্রীনগর স্টেডিয়ামে শ্যামসিদ্ধি ইউনিয়নের দল ‘শ্যামসিদ্ধি রয়েলস’ এবং কুকুটিয়া ইউনিয়নের দল ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’-এর মধ্যে খেলা চলছিল। প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটির সূত্রে জানা যায়, খেলার শেষার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি টেনে ধরলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
অভিযোগ উঠেছে, এসময় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক সমর্থক মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কুকুটিয়া ওয়ারিয়র্সের অন্তত পাঁচজন খেলোয়াড়সহ মোট ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুরদিয়া এলাকার মঈনুল, পূর্ব মুন্সীয়া এলাকার রায়হান, রিসান, অভি খান এবং নাগরভাগ এলাকার সমিত রয়েছেন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, আনসার সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছিল এবং তারা পৌঁছানোর আগেই তা শেষ হয়ে যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে, তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























