জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যে লড়াই শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি। বাংলাদেশ রাষ্ট্র যত দিন থাকবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই তত দিন অব্যাহত থাকবে। রবিবার রাজধানীতে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকদের প্রধান কাজ ও অধিকার হলো রাষ্ট্রকে প্রশ্ন করা। ফ্যাসিবাদের সময় গণমাধ্যমের একটি অংশের তোষামোদির কারণেই শাসনব্যবস্থা এতটা ভয়াবহ হয়ে উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, সংবাদমাধ্যমকে সেই তোষামোদির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের পক্ষে দাঁড়াতে হবে।
নিজের নির্বাসিত জীবন থেকে ফিরে আসা এবং ‘আমার দেশ’ পত্রিকা পুনরায় চালুর সুযোগ পাওয়ার জন্য তিনি জুলাইয়ের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তরুণরা নিজেদের জীবন উৎসর্গ না করলে দেশ আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেত না। শহীদদের এই ঋণ কখনো শোধ হওয়ার নয়।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ঢাকার বাইরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং সারা দেশের সম্পাদকদের নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের উদ্দেশ্য। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য জাতিকে সব সময় সজাগ রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 





















