সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় গত দুই দিনে বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানিয়েছে, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে।
সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পাঁচটি সামরিক যান আল-সামদানিয়াহ আল-শারকিয়াহ এলাকায় প্রবেশ করে এবং সেখানে একটি অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে পথচারীদের তল্লাশি চালায়। এছাড়া, আল-হামিদিয়াহ এলাকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনারা একটি মর্টার শেল ও ধোঁয়াবোমা নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগের দিন সন্ধ্যায় ড্রোন নজরদারির মধ্যে কুদনা বাঁধের কাছে ইসরায়েলের ছয়টি সামরিক যান অগ্রসর হয়েছিল, যা পরে পিছু হটে। সিরিয়া এই ধারাবাহিক অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে একে ১৯৭৪ সালের ‘সেনা প্রত্যাহার চুক্তি’র (Disengagement Agreement) স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
দামেস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারে বাধ্য করতে যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে নতুন করে অস্থিরতা বাড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রিপোর্টারের নাম 

























