মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে স্বামী একটি ধারালো দা দিয়ে স্ত্রী জোবেদা বেগমের গলা কেটে হত্যা করেন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। পরে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ও কালকিনি থানার এসআই (নি.) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুলতান সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে পুলিশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























