চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ছাত্রের নাম আলীফ। সে ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের দ্বিতীয় ছেলে। গত ১৫ জুলাই আলীফ তার ঘরের সামনে থাকা একটি পেয়ারাগাছে ফল পাড়তে ওঠে। সে সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে এবং বিদ্যুতায়িত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীফের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
পরদিন রোববার সকাল ১০টায় আলীফের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রিপোর্টারের নাম 























