নড়াইলের লোহাগড়া উপজেলায় মাত্র ১২ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির (৩০) কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলিনুর ফকির পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। শনিবার রাতে তিনি একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে তার পাওনা ১২ হাজার টাকা চাইতে যান। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ পকেট থেকে ছুরি বের করে আলিনুরের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছে। অভিযুক্ত রাজিব শেখকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত আলিনুরের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























