দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে ব্যাপক দলীয়করণ এবং অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, ধানের শীষ প্রতীকে ভোটদানকারী ব্যক্তি, আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে অর্থের বিনিময়ে এসব কার্ড দেওয়া হচ্ছে, যেখানে নিরপেক্ষতার কোনো বালাই নেই। এমনকি অনেক নেতার পরিবারের সদস্যদের নামেও কার্ড ইস্যু করা হয়েছে বলে অভিযোগ তার।
শনিবার রাতে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রবীন্দ্র-নজরুল চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এসব কথা বলেন সারজিস আলম। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারজিস আলম আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় খাল খনন প্রকল্পে বড় ধরনের অনিয়ম হচ্ছে। শ্রমিকের তালিকায় বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তি এবং অস্তিত্বহীন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে তাদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এছাড়া, রাস্তা ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার হওয়ার আগেই বিএনপি নেতাদের কাছে অগ্রিম অর্থ দিয়ে কাজ নিতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন, যা দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত বহন করে।
নিজের বক্তব্যে তিনি বলেন, সত্য কথা বলতে আমরা ভয় পাই না। কে কোন দল করে বা কার প্রতীক—এটি বড় বিষয় নয়। যে মানুষ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, সে যে দলেরই হোক, জনগণের কল্যাণ করতে পারবে না। সমাবেশে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























