নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে জুনাইদ আহমেদ (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত জুনাইদ ওই গ্রামের মো. দিলোয়ার হোসেন ও তাজ মহল আক্তারের সন্তান। গত মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে জুনাইদকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























