জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’। নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা আবুল হায়াতকে ‘বিশেষ নাট্যজন সম্মাননা’ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল যৌথভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মাননা গ্রহণ করে আবুল হায়াত তার দীর্ঘ ৭২ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অভিনয় কেবল মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলা নয়, বরং এটি একটি শিল্প যা মানুষকে সততা ও নিষ্ঠার শিক্ষা দেয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, একজন প্রকৃত অভিনেতা হিসেবে বাস্তবতাকে বিশ্বাসযোগ্য করে তোলার মধ্য দিয়েই শিল্পের সার্থকতা নিহিত। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলমান এই উৎসবে দেশি-বিদেশি বিভিন্ন নাট্য প্রযোজনা মঞ্চস্থ হবে।
রিপোর্টারের নাম 























