বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারও পৃথক বার্তায় শোক জানিয়েছেন। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ফলে সৃষ্ট প্রাণহানির সংবাদে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে আছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার বার্তায় দুর্গত এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী, চিকিৎসাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সাহসিকতার প্রশংসা করেন। উল্লেখ্য, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে এবং কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
রিপোর্টারের নাম 























