প্রতিবেশী দেশ ভারতে আবারও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওয়াইএসআর কাদাপা জেলায় আটজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে দুইজনের মৃত্যু হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের মধ্যে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তির শরীরেও করোনা শনাক্ত হয় এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া কাদাপা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে স্বাস্থ্য বিভাগ ওই জেলায় বিশেষ মেডিকেল টিম মোতায়েন করেছে এবং সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। বর্তমানে জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ভাইরাসের প্রকৃতি ও ধরন বুঝতে সংগৃহীত নমুনাগুলো পুনের একটি গবেষণাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত আইসোলেশন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কঠোর নির্দেশনা জারি করেছে।
রিপোর্টারের নাম 






















