পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলীয় কারামোজা অঞ্চলে খাদ্য সংকটে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত দীর্ঘদিনের খরা এবং বৃষ্টির অভাবে শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী রবিনাহ নাব্বানজা জানিয়েছেন, দুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হচ্ছে। স্থানীয় কৃষকদের মতে, গত এপ্রিল থেকে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ভুট্টা ও সয়াবিনের মতো প্রধান ফসলগুলো ক্ষেতেই শুকিয়ে গেছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং ফসলের রোগের কারণে এই অঞ্চলে প্রতি বছরই দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।
উল্লেখ্য, কারামোজা অঞ্চলটি ঐতিহাসিকভাবেই খাদ্য সংকটের জন্য পরিচিত। এর আগে ২০২২ সালেও এখানে অনাহারে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, কেবল জরুরি সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খরা-সহনশীল ফসল চাষের ওপর জোর দেওয়া জরুরি।
রিপোর্টারের নাম 






















