কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে নৌকাডুবির ঘটনার দুই দিন পর নিখোঁজ কৃষক সিরাজ মোড়লের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার সকালে সিরাজ মোড়ল একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদের ওপারে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ফেরার পথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তখন অনেক চেষ্টা করেও তার সন্ধান পাননি।
অবশেষে নিখোঁজের দুই দিন পর রোববার সকালে শ্রীপুর এলাকায় নদে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























