খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার পানবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মসিউর রহমান মাহিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয় তাহের মাস্টারের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মসিউর হাতিয়াপাড়া এলাকার জহির মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী মালেকা জানান, মাদক সেবনের টাকার জন্য তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিনও টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি রাগে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেলে ফিরে এসে ঘরের জানালার সঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























