জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইন পেশা এবং রাজনীতিতে তার দীর্ঘ কর্মময় জীবন ও অবদান জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি পর্যায়ক্রমে ভূমি ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইনাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























