মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার মাত্র ৫০৫ মিটার দীর্ঘ একটি অসমাপ্ত সড়কে দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ মানুষ। যে সড়কটি মানুষের চলাচল সহজ করার কথা ছিল, সেটি এখন দীর্ঘ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট কমানোর লক্ষ্য নিয়ে টঙ্গিবাড়ীতে আমতলী-রঙমেহার বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু হলেও প্রায় দুই বছর ধরে শেষ না হওয়ায় প্রতিদিন উপজেলা সদরে প্রবেশ করতে হাজারো মানুষকে একই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে পুরোনো কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে গর্তগুলো পানিতে ডুবে থাকায়, সড়কের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, টঙ্গিবাড়ী শিশু পার্কসংলগ্ন বুড়ি বাড়ি হয়ে আমতলী-রঙমেহার পর্যন্ত ৫০৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ৮৮ মিটার প্রস্থের সড়কটির উন্নয়নকাজ ২০২৩ সালে শুরু হয়।
প্রথমে সড়কটির প্রস্থ ১০ ফুট নির্ধারণ করা হলেও পরে তা ১৬ ফুটে উন্নীত করার সিদ্ধান্ত হয়। জমিসংক্রান্ত জটিলতার পর ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি সংশোধনের (রিভাইজ) আবেদন করেছে। প্রস্তাবটি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু। অন্যদিকে, ঠিকাদার ইব্রাহিম আধাম বলেন, প্রকল্পে স্লোপ বাবদ ২৭ লাখ টাকা ধরা হলেও তিনি মাত্র ৮ লাখ টাকার মালামাল পেয়েছেন। এতে প্রায় ১৯ লাখ টাকা লোকসানের আশঙ্কা থাকায় প্রকল্পটি সংশোধনের আবেদন করা হয়েছে। আবেদন অনুমোদন হলে কাজ পুনরায় শুরু করা হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















