বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় জামায়াত আমির বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রাজ্ঞ আইনজীবী এবং অত্যন্ত পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী দীর্ঘকাল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া বিভিন্ন নেতার আইনি লড়াইয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অনেক ক্ষেত্রে কোনো পারিশ্রমিক ছাড়াই মজলুমদের পাশে দাঁড়িয়েছেন। পরিশেষে জামায়াত আমির মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 
























