রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাকে নির্মমভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আবু বকর নামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আবু বকর তার বাড়ির নিচে গ্যারেজে অন্য একজনের সঙ্গে বসে ছিলেন। হঠাৎ ৮ থেকে ১০ জন লোক সেখানে প্রবেশ করে এবং কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে একজন আবু বকরকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, ভুক্তভোগী আবু বকর জমি-জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত। জমি নিয়ে বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় শুক্রবার রাতে আবু বকর বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা তার পূর্ব পরিচিত এবং জমি সংক্রান্ত বিরোধের কারণেই তারা এই হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
রিপোর্টারের নাম 
























