সরকার গণভোটের গণদাবি উপেক্ষা করায় সাধারণ মানুষ ব্যথিত ও হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার বিকেলে চাঁদপুরের বায়তুল আমিন চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। লোডশেডিংয়ের সমস্যা নিরসনে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে সরকার যে কমিটি গঠন করেছে, তা কেবল একটি আলংকারিক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।
নির্বাচন ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে তিনি আরও বলেন, অতীতে ভোট চুরি হতো, আর এখন ভোটের ফলাফল চুরির সংস্কৃতি শুরু হয়েছে। জনগণের বিশাল অংশ গণভোটের পক্ষে থাকলেও সরকার তা বাস্তবায়ন না করে জনআকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করছে। সভা শেষে তিনি জানান, বন্যাকবলিত চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে তারা তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
রিপোর্টারের নাম 
























