নোয়াখালী সদর ও সুবর্ণচরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি উল্লেখ করেন যে, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তাই কেবল আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে নোয়াখালী ক্লাবের অডিটরিয়ামে এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাহজাহান আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সভা-সমাবেশে ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি ও কৃতকার্যের হার বেশি। এর একটি প্রধান কারণ হলো, ছেলেরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে মাদক, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর ফলে তারা পড়ালেখা, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবং ব্যর্থ হচ্ছে।
তিনি জানান, নোয়াখালী আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি তিনি নির্দেশনা দিয়েছেন যেন, অন্তত দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত কোনো শিক্ষার্থী অনিবার্য কারণ ছাড়া সন্ধ্যার পর রাস্তাঘাট, দোকানপাট বা ঘরের বাইরে অবস্থান না করে। এমনটি ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এটিএম আতাউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনজুরুল আজিম সুমন, বিএনপি নেতা আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ, জাসাস কেন্দ্রীয় কমিটির নেতা সালাহ উদ্দিন শাহীন, নোয়াখালী ক্লাবের পরিচালক নূরনবী টিপুসহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন।
রিপোর্টারের নাম 
























