নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে আদালত প্রাঙ্গণ থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর এবং মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ছয়টি বিকাশ নম্বরে মোট ১ লক্ষ ১৮ হাজার টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় মাসুদ রানা বাবুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা হলেও পুলিশ এখনো প্রধান আসামি বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
ভুক্তভোগী লিখন তালুকদার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা এবং তিনি ঢাকায় একটি কনসালটেন্সি ফার্মে ব্যবসা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে চেক সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে লিখন তালুকদার ও তার বন্ধু শাকিল খান নরসিংদী আদালতে আসেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মাসুদ রানা বাবুলের নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে মারধর করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রীকে ফোন করে নির্যাতনের শব্দ শোনানো হয় এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
স্ত্রীর অভিযোগ, স্বামীকে বাঁচাতে তিনি বাধ্য হয়ে মাসুদ রানা বাবুলের দেওয়া বিভিন্ন বিকাশ নম্বরে মোট ১ লাখ ১৮ হাজার টাকা পাঠান। টাকা পাওয়ার পর অভিযুক্তরা তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















