ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, জিহাদের বাবা আজগর আলী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকার একটি খালে মাছ ধরছিলেন। রাতে জিহাদ তার বাবাকে ডেকে আনতে গেলে কুট্টাপাড়া বিজ্রসংলগ্ন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে পুলিশের তিনটি ইউনিট কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 





















