জর্ডানে অবস্থিত আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। আইআরজিসি জানিয়েছে, তাদের এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ওই ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’।
হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকলে এই অঞ্চলের অন্যান্য আমেরিকান ঘাঁটিও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে তারা মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে কঠোর হুঁশিয়ারি প্রদান করে। এই হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, জর্ডান কর্তৃপক্ষের দাবি তারা ইরান থেকে ছোড়া অন্তত আটটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের মাটিতে এই ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 






















