মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালসহ দেশের সব প্রাণী চিকিৎসা কেন্দ্রে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে। সোমবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বিশেষভাবে সতর্ক করে বলেন, হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবা আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। তিনি বলেন, মানুষের আস্থার প্রতীক হিসেবে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং এর সেবাকে আরও জনবান্ধব করতে প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালের শাখা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সংগৃহীত ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি মাঠ পর্যায়ে বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























