গত কয়েক বছর ধরে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী হিমি। ক্যারিয়ারের শুরুতে একটি সিনেমায় কাজ করলেও, এরপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি। যদিও এই সময়ে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি, তবে নাটককেই নিজের কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র মনে করেন এই অভিনেত্রী।
হিমি জানান, নাটকে অভিনয় করতে তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে, সিনেমায় অভিনয়ের জন্য যে গভীর অনুভূতি, আবেগ বা ভালোবাসা প্রয়োজন, তা তিনি নিজের মধ্যে খুঁজে পান না। আর এ কারণেই সিনেমায় কাজ করার ইচ্ছে তার একেবারেই নেই।
এই অভিনেত্রী আরও বলেন, বর্তমানে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি। দেশের সিনেমা এখন মূলত ঈদকেন্দ্রিক হয়ে গেছে এবং একটি নির্দিষ্ট মানের হতে হয়—যার জন্য প্রয়োজন বিশাল বাজেট, ভালো গল্পসহ আরও অনেক কিছুর সমন্বয়। এসব নিয়ে ভাবনার চেয়ে নাটক নিয়েই নিজেকে বেশি স্বস্তিতে রাখতে চান তিনি।
হিমি মনে করেন, দর্শকরা তাকে ভীষণ ভালোবাসেন এবং তিনি তাদের পছন্দমতো গল্পের নাটক উপহার দিতে পারছেন—একজন অভিনেত্রী হিসেবে এটাই তার সবচেয়ে বড় অর্জন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তানভীর তন্ময় পরিচালিত ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’—এই তিনটি নাটকে অভিনয় করে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন হিমি।
রিপোর্টারের নাম 

























