বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করা বাধ্যতামূলক।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া দেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা প্রতিহত করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘জুলাই সনদ’ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মাওলানা মামুনুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন সেই ঐতিহাসিক অভ্যুত্থানের মূল চেতনা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো ধরনের নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের সম্পূর্ণ মূলোৎপাটন না হওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, যারা ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের বিরোধীতা করবে, তারা ১৯৭২-এর বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী হিসেবেই চিহ্নিত হবে।
এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে একটি বিশাল গণমিছিল বের হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রিপোর্টারের নাম 

























