চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার ঐতিহাসিক জয়ের আনন্দে দেশজুড়ে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে জার্মানিকে বিদায় করে লা আলবিরোহারা।
এই জয় প্যারাগুয়ের জন্য কেবল একটি ফুটবল ম্যাচের ফল নয়, এটি দীর্ঘ প্রতীক্ষার অবসানও বটে। ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারা দক্ষিণ আমেরিকার দলটি এক যুগ পর বিশ্বকাপে ফিরে প্রথম নকআউট ম্যাচেই জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়লো। এটি ছিল তাদের ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হারের প্রতিশোধও।
জয়ের পর প্রেসিডেন্ট পেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সরকারি ছুটির আদেশনামায় স্বাক্ষর করার ছবি প্রকাশ করেন এবং লেখেন, “আজ পুরো দেশ আনন্দে ভাসছে।” তিনি আরও বলেন, “এই জয় এমন একটি দলের, যারা আমাদের জাতিসত্তার আসল পরিচয় তুলে ধরেছে। এটি আমাদের জেদ, বিশ্বাস ও অদম্য মানসিকতার জয়—যে শক্তি কখনও হার মানতে শেখায় না।” সরকারি ঘোষণায় বলা হয়েছে, দেশের মানুষ যেন এই ঐতিহাসিক মুহূর্ত একসঙ্গে উদযাপন করতে পারেন, সেজন্যই জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। চলতি বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করা দ্বিতীয় দক্ষিণ আমেরিকার দেশ হলো প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর ইকুয়েডরও সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
রিপোর্টারের নাম 






















